ইরানের সঙ্গে সুসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার আগ্রহকে স্বাগত জানাল লেবানন
ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তেহরানের আগ্রহকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে লেবানন। দেশটির পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে ইরানসহ বিশ্বের সব দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় বৈরুত।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক বজায় রাখা দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক নীতির অংশ। ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।
এর আগে শনিবার তেহরানে লেবাননের সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের ডেপুটি প্রধান শেখ আলী আল-খাতিবের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৈঠকে আরাঘচি লেবাননের জনগণের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি তেহরানের দৃঢ় অঙ্গীকারের কথাও জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরই বৈরুতের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হলো। এর মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।