সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমঢাকা প্রতিদিনমাদক নিয়ে বিরোধে গেন্ডারিয়ায় গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

মাদক নিয়ে বিরোধে গেন্ডারিয়ায় গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদক নিয়ে বিরোধে গেন্ডারিয়ায় গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।


রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।


গেন্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধ হয়।


একপর্যায়ে অটো সজলের চাচা রাসেলকে মারধর করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মনির হোসেনের কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। গুলি ছোড়ার পর মনির হোসেনসহ তার সঙ্গে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


এ ঘটনায় পথচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, গোলাগুলির ঘটনা সম্পর্কে তারা জানতে পেরেছেন। কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। তবে ঘটনার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা বিস্তারিত তদন্তের পর জানা যাবে।


পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।