সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রে আটকের পর প্রথমবার ছবি প্রকাশ করলেন মাদুরো

যুক্তরাষ্ট্রে আটকের পর প্রথমবার ছবি প্রকাশ করলেন মাদুরো

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে আটকের পর প্রথমবার ছবি প্রকাশ করলেন মাদুরো

দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ্যে এসেছে। জানুয়ারিতে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এটাই তার প্রথম প্রকাশিত ছবি।


রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে ছবিগুলো প্রকাশ করেন মাদুরো নিজেই। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি বলেন, নাতি-নাতনি, সন্তান এবং তাকে ভালোবাসেন এমন মানুষদের জন্য এটি একটি ছোট উপহার।


মাদুরো আরও বলেন, তারা শক্ত ও শান্ত আছেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।


প্রকাশিত ছবিতে ধূসর ট্র্যাকস্যুট ও স্নিকার্স পরা মাদুরোকে হাসিমুখে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায়। আটকের পর তার শারীরিক গঠনে পরিবর্তন এসেছে বলেও ছবিতে মনে হচ্ছে।


যদিও ছবিগুলো রোববার প্রকাশ করা হয়েছে, ছবির তথ্য অনুযায়ী এগুলো গত ২৫ জুন তোলা। এর এক দিন আগে উত্তর ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।


ছবিগুলো আসল কি না এবং মাদুরোর অনুমতি নিয়েই এগুলো প্রকাশ করা হয়েছে কি না, তা জানতে এএফপি আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।


এদিকে মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার তেলক্ষেত্র পরিচালনায় যুক্তরাষ্ট্রকে সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পরই মাদুরোর ছবিগুলো প্রকাশ করা হলো।


উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এক নজিরবিহীন সামরিক অভিযানে কারাকাসের নিজ বাসভবন থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। বর্তমানে মাদুরো যুক্তরাষ্ট্রের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন।