মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইরানে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে হেগসেথকে মার্কিন কমান্ডারদের সতর্কবার্তা

ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে হেগসেথকে মার্কিন কমান্ডারদের সতর্কবার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে হেগসেথকে মার্কিন কমান্ডারদের সতর্কবার্তা

ইরানে বড় পরিসরে সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। তাদের আশঙ্কা, ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধ চলতে থাকলে বিশ্বজুড়ে মার্কিন সামরিক মিশন ও সেনাদের প্রশিক্ষণ কার্যক্রমে অতিরিক্ত চাপ তৈরি হবে।


মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা কমান্ডাররাও ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


নিয়মিত প্রকাশিত একটি গোপনীয় প্রতিবেদনে এসব সতর্কবার্তা উঠে এসেছে। এতে বিশ্বজুড়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও সরঞ্জাম মোতায়েনের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধকে কেন্দ্র করে দেওয়া মোতায়েনের নির্দেশনার সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের কেউ কেউ একমত নন। তবে তারা স্পষ্ট করেছেন, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী এসব আদেশ বাস্তবায়ন করবেন।


কমান্ডারদের উদ্বেগের অন্যতম কারণ হলো, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় মোতায়েন বিভিন্ন ইউনিট থেকে যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। এতে ওই অঞ্চলগুলোর দায়িত্বে থাকা কমান্ডারদের নির্ধারিত সামরিক মিশন পরিচালনার সক্ষমতা কমেছে। পাশাপাশি সেনাদের নিয়মিত প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে।


এদিকে ইরানে নতুন করে হামলার নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিতে পারেন—এমন আশঙ্কায় কয়েক মাস ধরে ৫০ হাজারের বেশি মার্কিন সেনাকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছেন ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্ত মেনে নিতে তেহরানের ওপর চাপ প্রয়োগ করছেন তিনি।


এমন পরিস্থিতিতে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হলে বিশ্বজুড়ে মার্কিন বাহিনীর ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির সামরিক কমান্ডাররা।