ইউক্রেনজুড়ে টানা পঞ্চম দিন রুশ বিমান হামলা, ক্ষতিগ্রস্ত গুদাম-অবকাঠামো
ইউক্রেনের বিভিন্ন এলাকায় টানা পঞ্চম দিনের মতো রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে কিয়েভ অঞ্চলের পণ্য ও খাদ্য সংরক্ষণের বেশ কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
কিয়েভ ওব্লাস্টের সামরিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
সামরিক প্রশাসনের তথ্যমতে, কিয়েভ অঞ্চলের পোহরেবি এলাকায় হামলায় আটজন বিস্ফোরণজনিত আঘাত, হাত-পায়ে জখম ও গুরুতর ট্রমায় আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলায় বেশ কয়েকটি বাণিজ্যিক ও খাদ্যগুদাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভারাস ও এটিবির মতো বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের ব্যবহৃত গুদামও রয়েছে।
এ ছাড়া কিয়েভ ওব্লাস্টের বুচা, ব্রোভারি ও বোরিস্পিল জেলার গুদাম ও সংশ্লিষ্ট অবকাঠামোতেও হামলা হয়েছে। এতে কয়েকটি স্থানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
কিয়েভ অঞ্চলে বেসামরিক সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার এ ধরনের বিমান হামলা টানা পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে।