ইরানের পাশে সর্বাত্মকভাবে থাকার ঘোষণা পুতিনের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের জনগণের পাশে রাশিয়া সর্বাত্মকভাবে রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ সংহতি প্রকাশ করেন তিনি।
বৈঠকে পুতিন বলেন, বর্তমান সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সম্প্রতি ইরানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীনের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ওয়াশিংটনের হুঁশিয়ারি উপেক্ষা করে তেহরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট।
ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জ্বালানি, বাণিজ্যসহ কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা।
বৈঠকে চলমান আঞ্চলিক পরিস্থিতি ও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।