বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বহরমুজের কাছে যুক্তরাষ্ট্রের ‘বড় ও শক্তিশালী’ হামলা চলছে: ট্রাম্প

হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের ‘বড় ও শক্তিশালী’ হামলা চলছে: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের ‘বড় ও শক্তিশালী’ হামলা চলছে: ট্রাম্প

হরমুজ প্রণালির কাছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘বড় ও শক্তিশালী’ হামলা এখনও চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হলে ইরানকে আরও কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন স্থাপনের ইরানের ব্যর্থ প্রচেষ্টার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র এসব হামলা চালাচ্ছে। তাঁর দাবি, বর্তমানে প্রণালিতে কোনো মাইন নেই। সেগুলো সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরিত হয়েছে।


ট্রাম্প আরও দাবি করেন, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে সবগুলো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি।


মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘ন্যায্য’ হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালালে দেশটির ওপর আরও কঠোর ও উচ্চমাত্রার হামলা চালানো হবে।


ট্রাম্প বলেন, সবচেয়ে বড় হামলা এখনও বাকি রয়েছে। সেটি চালানো হলে ইরানের ‘খুব সামান্যই অবশিষ্ট থাকবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।


এর আগে হরমুজ প্রণালির কাছে ইরানের বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ডও ওই এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করার কথা জানায়।