টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্টি (৩২) নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) এক নারীর চালানো এই হামলায় পিয়াসেন্টি ছাড়াও আরও একজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নারী নিহত হন।
নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানিয়েছে, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস একাধিক ছুরি নিয়ে টাইমস স্কয়ারে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে টেজার ব্যবহার করে। পরে গুলি চালালে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।
হামলায় গুরুতর আহত পিয়াসেন্টিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হামলাটি ছিল সম্পূর্ণ এলোমেলো এবং কোনো ধরনের উসকানি ছাড়াই চালানো হয়েছে।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, পিয়াসেন্টির মতো মূল্যবান একজন সহকর্মীকে হারিয়ে তারা স্তম্ভিত।
পিয়াসেন্টি ব্যাংকটির ‘বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। টাইমস স্কয়ারের কাছেই ওয়ান ব্রায়ান্ট পার্কে ব্যাংক অব আমেরিকার প্রধান কার্যালয় অবস্থিত।
নিউইয়র্কে সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন করে সামনে এসেছে। গত গ্রীষ্মেও মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনের লবিতে ব্ল্যাকস্টোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।
এনওয়াইপিডির ‘ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন’ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।