ইউএইতে দুই মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ভোর থেকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো মার্কিন হামলার জবাবে ইউএইর আল-ধফরা ও আল-মিনহাদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান এবং উন্নত রাডার ব্যবস্থা লক্ষ্য করে কয়েক ডজন সামরিক কামিকাজে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আল-ধফরা ঘাঁটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ‘অপারেশনাল কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। তাদের দাবি, মার্কিন বাহিনী এ ঘাঁটি থেকে বিমান অভিযান পরিচালনা, আকাশপথে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহের কার্যক্রম পরিচালনা করে থাকে।
ইরানের বিপ্লবী গার্ড আরও দাবি করেছে, সম্প্রতি ইরানের আবাসিক এলাকা এবং একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রতিশোধ হিসেবেই এই ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে আইআরজিসির দাবি করা হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্রের তথ্য পাওয়া যায়নি।