আজ দুপুর পর্যন্ত ছয় জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা
আজ দেশের তিনটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলের ওপর দিয়ে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে দুপুর ১১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বজ্রপাত চলাকালীন সময়ে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বজ্রপাতের শেষ শব্দ শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।