মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ আশঙ্কা, সতর্ক করল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ‘অপ্রত্যাশিতভাবে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা’ সম্পর্কে সতর্ক করেছে আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস ও দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল।
অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে অতীতে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এতে আরও সতর্ক করা হয়, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও থাকতে পারে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।