বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বআর্কটিকের নিরাপত্তায় গ্রিনল্যান্ডে ডেনমার্কের সেনা মোতায়েন

আর্কটিকের নিরাপত্তায় গ্রিনল্যান্ডে ডেনমার্কের সেনা মোতায়েন

favicon
ভোরের আলো ডেস্ক:
আর্কটিকের নিরাপত্তায় গ্রিনল্যান্ডে ডেনমার্কের সেনা মোতায়েন

আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করতে সাম্প্রতিক ইতিহাসে প্রথমবারের মতো গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে নিয়োগ পাওয়া সেনাদের মোতায়েন করেছে ডেনমার্ক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ প্রকাশের পর কোপেনহেগেনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো।


গ্রিনল্যান্ড ও ডেনমার্ক শুরু থেকেই ট্রাম্পের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। নতুন মোতায়েন করা সেনারা ডেনমার্কের সম্প্রসারিত বাধ্যতামূলক সামরিক সেবা কর্মসূচির প্রথম ব্যাচের সদস্য। আর্কটিকের কঠিন পরিবেশে কাজের উপযোগী দক্ষ সামরিক সদস্য তৈরি করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।


বর্তমানে এসব সেনা চরম ঠাণ্ডা পরিবেশে যুদ্ধ ও টিকে থাকার কৌশল শেখার জন্য ‘আর্কটিক অ্যান্ডুরেন্স’ নামের সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন। গাছপালাহীন পাথুরে ও প্রতিকূল ভূখণ্ডে চলছে তাদের কঠোর প্রশিক্ষণ।


সেনাদের কম্পানি কমান্ডার ক্যাপ্টেন লরা জেপসেন বলেন, প্রতিকূল ভূখণ্ড ও আবহাওয়ায় সেনাদের অভিজ্ঞতা বাড়ানো এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে এটি আর্কটিকে ডেনমার্কের বৃহত্তর সামরিক কৌশলের অংশ।


ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রীও এর আগে আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে পর্যাপ্ত বিনিয়োগ না করার বিষয়টিও ডেনমার্ক স্বীকার করেছে।


ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্যের পর ন্যাটোও আর্কটিক অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শুরু হয়েছে ‘আর্কটিক সেন্ট্রি’ মিশন। অঞ্চলটির নিরাপত্তা ও কৌশলগত গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ন্যাটো ও রাশিয়ার মধ্যকার উত্তেজনাও নতুন মাত্রা পেয়েছে।


খনিজ সম্পদে সমৃদ্ধ আর্কটিক অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতাকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে রাশিয়া। দেশটি আর্কটিকে বড় ধরনের সামরিক উপস্থিতি ধরে রেখেছে। পাশাপাশি চীনেরও রাশিয়ার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই অঞ্চলে কার্যক্রম বাড়ানোর চেষ্টা রয়েছে।


সব মিলিয়ে আর্কটিককে ঘিরে ভূরাজনৈতিক প্রতিযোগিতা বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদারের মাধ্যমে ডেনমার্কও নিজেদের অবস্থান আরও স্পষ্ট করছে।