বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলা, নিহত ২

হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলা, নিহত ২

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলা, নিহত ২

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির দুই নাবিক নিহত হয়েছেন। এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব।


বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি জাতীয় শিপিং কোম্পানি বাহরি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।


বাহরি জানায়, তাদের মালিকানাধীন ‘সিডর’ নামের জাহাজটি সোমবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। নিহত দুই নাবিকই ফিলিপাইনের নাগরিক।


একই দিন হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে তিনটি অজ্ঞাত বস্তু আঘাত হানার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এ ঘটনায় ওই অঞ্চলে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ইরান ওই জলপথ দিয়ে চলাচলকারী কিছু তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সতর্কবার্তা দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে কোনো জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।