শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, স্থাপনাটিতে কোনো ধরনের তৎপরতা শনাক্ত হলে সেটি মার্কিন বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ওই স্থাপনার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও দাবি করেছেন তিনি।


স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের পক্ষেও যুক্তি তুলে ধরেন তিনি।


যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ অবস্থিত। অত্যন্ত সুরক্ষিত এই ভূগর্ভস্থ স্থাপনাটিকে ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।


ট্রাম্প বলেন, ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না—এটি নিশ্চিত করা হয়েছে। ‘পিকঅ্যাক্স’ কিংবা ইরানের অন্য কোনো স্থাপনায় কী ধরনের কার্যক্রম চলছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সবকিছুই জানে বলেও দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, সেখানে কোনো ধরনের সমস্যা বা সন্দেহজনক তৎপরতা দেখা গেলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে এবং সেই হামলা হবে অত্যন্ত কঠোর।


ট্রাম্প দাবি করেন, মাত্র পাঁচ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে সক্ষম হয়েছে। ইরানের বিভিন্ন স্থানে রাডার স্থাপন ও সেগুলো ধ্বংসের পাল্টাপাল্টি ঘটনায় দেশটির মানুষও ক্লান্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।