শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বখার্গ দ্বীপের কাছে তেলবাহী ট্যাংকারে চার মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতের দাবি

খার্গ দ্বীপের কাছে তেলবাহী ট্যাংকারে চার মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতের দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
খার্গ দ্বীপের কাছে তেলবাহী ট্যাংকারে চার মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতের দাবি

ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার পর ট্যাংকারটি খালি করার কাজ চলছে বলেও জানানো হয়েছে।


এর আগে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) জানায়, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পরে ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করে, ট্যাংকারটিতে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।


তবে হামলায় হতাহত বা ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


ইরানের তেল রফতানির জন্য খার্গ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট তেল রফতানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে প্রক্রিয়াজাত ও রফতানি করা হয়।


এদিকে শনিবার খার্গ দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, বিস্ফোরণের উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


সাম্প্রতিক সময়ে খার্গ দ্বীপকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে জুলাইয়েও দ্বীপটির তেল রফতানি টার্মিনালে অবস্থানরত একটি খালি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়।


তবে এবার ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাতের দাবিটি এখনো ইরানি সংবাদমাধ্যম ও অন্যান্য প্রতিবেদনের ওপর নির্ভরশীল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।