রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, বাড়ছে উত্তেজনা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, বাড়ছে উত্তেজনা

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, বাড়ছে উত্তেজনা

হরমুজ প্রণালিকে ঘিরে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।


ইরানের দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজের চলাচলে বাধা দিচ্ছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এড়িয়ে গেছে যুদ্ধজাহাজ দুটি। এ ঘটনায় কোনো মার্কিন সেনা আহত হননি।


এর পাল্টা জবাবে ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, খার্গ দ্বীপের উপকূল ও জাস্কের কাছে দুটি ট্যাংকার অচল করে দেওয়া হয়েছে। এছাড়া গালফ অব ওমানে আরেকটি খালি ট্যাংকার ধ্বংস করা হয়েছে।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খার্গ দ্বীপের কাছে নোঙর করা একটি ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।


হরমুজ প্রণালিকে ঘিরে সর্বশেষ এই হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলও ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।