রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বতথ্য ফাঁসের অভিযোগে ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

তথ্য ফাঁসের অভিযোগে ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

favicon
ভোরের আলো ডেস্ক:
তথ্য ফাঁসের অভিযোগে ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে মার্কিন তদন্তকারীরা এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।


প্রতিবেদন অনুযায়ী, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান-সম্পর্কিত সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতিসহ সংবেদনশীল সামরিক তথ্য কীভাবে সাংবাদিকদের কাছে পৌঁছেছে, তা তদন্ত করা হচ্ছে।


তদন্তের পরিধি ও মাত্রা বিবেচনায় আইন ও সামরিক বিশেষজ্ঞরা ঘটনাটিকে মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। জয়েন্ট স্টাফ বিশ্বজুড়ে মার্কিন সামরিক অভিযান ও যুদ্ধ পরিকল্পনা সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।


তদন্তকারীদের লক্ষ্য শুধু তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা নয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সামরিক কর্মকর্তাদের মধ্যে কঠোর বার্তা দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।


পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, যুক্তরাষ্ট্রের গোপনীয় তথ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেনাসদস্যদের নিরাপত্তার স্বার্থেই এসব তথ্য সুরক্ষিত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অস্ত্রের ঘাটতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রকাশ্যে ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে আখ্যা দিয়েছেন। তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।


এ ঘটনায় পেন্টাগনের অভ্যন্তরীণ চাপ, বিশৃঙ্খলা ও পারস্পরিক অবিশ্বাসের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পেছনে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিতর্কিত প্রশাসনিক কর্মকৌশলকেও দায়ী করছেন অনেকে।


দায়িত্ব নেওয়ার পর হেগসেথের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে প্রায় ৮০ জন জেনারেল, অ্যাডমিরাল ও উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত অথবা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।


এমনকি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে পেন্টাগন-অর্থায়িত সংবাদপত্র ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর শীর্ষ সম্পাদককেও বরখাস্ত করা হয়েছে।


অন্যদিকে, সিগন্যাল অ্যাপে সংবেদনশীল তথ্য শেয়ারের অভিযোগে হেগসেথ নিজেই সমালোচনার মুখে পড়লেও ট্রাম্প তার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছেন। এতে পেন্টাগনের অভ্যন্তরীণ চাপ ও অস্থিরতা আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।