লন্ডনে মুজতাবা খামেনির সঙ্গে সংশ্লিষ্ট দুই বিলাসবহুল ফ্ল্যাট বিক্রির জন্য
লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির মালিকানাধীন বলে ধারণা করা দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য তোলা হয়েছে। ফ্ল্যাট দুটি ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই অবস্থিত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেনসিংটনের প্যালেস গ্রিন এলাকায় একটি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় রয়েছে অ্যাপার্টমেন্ট দুটি। একই সড়কে অবস্থিত ইসরায়েলি দূতাবাস।
চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এসব সম্পত্তির মালিকানা ও অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ২০১৪ ও ২০১৬ সালে আলাদা সময়ে অ্যাপার্টমেন্ট দুটি কেনা হয়। তবে সম্পত্তিগুলোর প্রকৃত মালিকানা সম্পর্কে সরাসরি কোনো তথ্য প্রকাশ্যে নেই। তবু এগুলো ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ডেইলি মেইলকে এক সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছিলেন, অ্যাপার্টমেন্ট দুটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, সেখান থেকে ৫০ মিটারেরও কম দূরত্বে ইসরায়েলি দূতাবাসের পেছনের অংশ দেখা যায়।