সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বদিল্লিতে ৬ তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন

দিল্লিতে ৬ তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে ৬ তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন

ভারতের রাজধানী দিল্লিতে ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।


প্রতিবেদনে বলা হয়, ভবনটি ৭৫ শয্যার পেইং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত হতো। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।


সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত। এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করেন।


এ পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে রোববার ছুটির দিন হওয়ায় তাদের বেশিরভাগই বাড়িতে ছিলেন বলে জানান তিনি।


ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী এএনআইকে বলেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছেন।


দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।