দক্ষিণ লেবাননের হাসপাতালে হামলার কথা স্বীকার ইসরায়েলের
দক্ষিণ লেবাননের একটি হাসপাতালে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, হাসপাতালটি আর চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল না; সেখানে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছিল।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে লেবাননের কর্মকর্তারা জানিয়েছিলেন, নাবাতিহ আল-ফাওকার গান্দুর হাসপাতালে ইসরায়েলি হামলায় ভবনটি ধ্বংস হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে হাসপাতালটিকে ‘সম্পূর্ণ বেসামরিক’ স্থাপনা হিসেবে উল্লেখ করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই কমান্ড সেন্টার থেকে হিজবুল্লাহর সদস্যদের গোলাবর্ষণ ও পর্যবেক্ষণসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
হাসপাতালটিকে লক্ষ্য করে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সেখানে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ কারণেই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।