মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
**মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫**
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়।
রানওয়ে থেকে বেরিয়ে যাওয়ার পর বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দেয়। পরে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরে জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়।
মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, ২১ এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ-এর প্রধান রে জাদাল্লাহ বলেন, দুর্ঘটনায় মোট ১০ জন জড়িত ছিলেন। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। বাকি দুজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সূত্র: আনাদুলু এজেন্সি