বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশএ বছরের মধ্যেই ঢাকায় ২২০ কিমি খাল খনন সম্পন্ন হবে: ডিএনসিসি প্রশাসক

এ বছরের মধ্যেই ঢাকায় ২২০ কিমি খাল খনন সম্পন্ন হবে: ডিএনসিসি প্রশাসক

favicon
ভোরের আলো ডেস্ক:
এ বছরের মধ্যেই ঢাকায় ২২০ কিমি খাল খনন সম্পন্ন হবে: ডিএনসিসি প্রশাসক

চলতি বছরের মধ্যেই রাজধানী ঢাকার ২২০ কিলোমিটার খাল খনন কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মধ্যে ইতোমধ্যে ১০৮ কিলোমিটার খাল খনন করে পানির প্রবাহ সচল করা সম্ভব হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বাকি ১১২ কিলোমিটার খাল পুনরুদ্ধার ও খননের কাজও দ্রুত শেষ করা হবে।

মোহাম্মদ এজাজ বলেন, “সিএস খতিয়ান অনুযায়ী ঢাকার মোট খালের পরিমাণ ছিল প্রায় ৩৪০ কিলোমিটার। এর মধ্যে ১২০ কিলোমিটার বর্তমানে বিভিন্ন সড়ক ও রাস্তার নিচে চলে গেছে। বাকি অংশের অবস্থাও ভালো ছিল না। তবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসেই ১০৮ কিমি খালে পানির প্রবাহ নিশ্চিত করা গেছে।”

এই ১০৮ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায়, আর বাকিটা ঢাকা উত্তরের।

তিনি আরও জানান, খাল খননের মূল লক্ষ্য হলো রাজধানীতে জলাবদ্ধতা কমানো এবং প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে আনা। এজন্য দুই সিটি করপোরেশন একযোগে কাজ করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে।

চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে রাখাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য বলে জানান ডিএনসিসি প্রশাসক।