মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বগাজার ধ্বংসস্তূপ সরালে যুদ্ধাপরাধের প্রমাণ নষ্টের শঙ্কা জাতিসংঘের

গাজার ধ্বংসস্তূপ সরালে যুদ্ধাপরাধের প্রমাণ নষ্টের শঙ্কা জাতিসংঘের

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজার ধ্বংসস্তূপ সরালে যুদ্ধাপরাধের প্রমাণ নষ্টের শঙ্কা জাতিসংঘের

গাজায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণের আগে সম্ভাব্য আন্তর্জাতিক অপরাধের আলামত সংরক্ষণ ও মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ সতর্ক করে বলেছেন, যথাযথভাবে প্রমাণ সংগ্রহের আগে ধ্বংসস্তূপ সরানো হলে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যেতে পারে। 


আলবানিজের মতে, ধ্বংসস্তূপ অপসারণের সঙ্গে জড়িত রাষ্ট্র ও কোম্পানিগুলো সম্ভাব্য আন্তর্জাতিক অপরাধের প্রমাণ নষ্টের অভিযোগে আইনি দায়ের মুখে পড়তে পারে। তিনি বলেন, গাজার ধ্বংসস্তূপে দুই বছরের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ আলামত রয়েছে। তাই পূর্ণমাত্রায় ধ্বংসস্তূপ অপসারণের আগে ফরেনসিক প্রমাণ সংগ্রহ এবং মানবদেহের অবশিষ্টাংশ শনাক্ত করা প্রয়োজন। 


এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, গাজায় এখনো ৮ হাজারের বেশি মানুষের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। সাম্প্রতিক একটি উদ্ধার অভিযানে এক পরিবারের ১১২টি দেহাবশেষ উদ্ধারের ঘটনাও ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারের ব্যাপকতার বিষয়টি সামনে এনেছে। 


গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম পাওয়া গেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব। তবে উদ্ধারকাজের পাশাপাশি সম্ভাব্য অপরাধের আলামত যথাযথভাবে সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।


আলবানিজের পরামর্শ, ধ্বংসস্তূপ অপসারণের পরিকল্পনা ফিলিস্তিনিদের নেতৃত্বে হওয়া উচিত এবং প্রমাণ ও মানবদেহ উদ্ধারের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।