মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাপ্রথম দিনেই ২৫০ কোটি টাকা তুললেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

প্রথম দিনেই ২৫০ কোটি টাকা তুললেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রথম দিনেই ২৫০ কোটি টাকা তুললেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা প্রথম দিনেই প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দিনশেষে ব্যাংকটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


ব্যাংক কর্মকর্তাদের দাবি, আমানত ফেরত নিতে গ্রাহকদের মধ্যে যে ধরনের উদ্বেগ ও আগ্রহ দেখা গিয়েছিল, প্রথম দিনে বাস্তবে টাকা উত্তোলনের পরিমাণ তার তুলনায় কম হয়েছে।


ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। পাঁচটি ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।


ব্যাংক সূত্র জানিয়েছে, আমানত ফেরত পেতে এখন পর্যন্ত পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে দাবিকৃত অর্থের পরিমাণ ৩ হাজার ৯২৫ কোটি টাকা।


আমানতকারীদের অর্থ ফেরত দিতে গত রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করে। এরপর সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় অর্থ পাঠানো হয়।


সোমবার রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখায় গিয়ে দেখা যায়, দীর্ঘদিন আটকে থাকা আমানতের টাকা তুলতে সকাল থেকেই গ্রাহকেরা ব্যাংকে আসতে শুরু করেছেন।


অনেক গ্রাহক কোনো জটিলতা ছাড়াই তাদের টাকা তুলতে পেরেছেন। দীর্ঘদিন পর নিজেদের সঞ্চয়ের অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতিও সন্তোষ জানিয়েছেন অনেকে।


ইউনিয়ন ব্যাংকের মতিঝিল শাখার এক গ্রাহক বলেন, “আমানত ফেরত পাওয়া নিয়ে চিন্তায় ছিলাম—পাব কি না। পরিস্থিতি আসলে সেদিকেই গিয়েছিল। টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে। আরও আগে পেলে আরও ভালো হতো। তারপরও টাকা হাতে পেয়ে সব দুশ্চিন্তা দূর হয়েছে।”