ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনাকে কড়া বার্তা যুক্তরাজ্যের
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের সার্বভৌমত্ব নিয়ে কোনো সন্দেহ নেই বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ক্রিস্টি ম্যাকনিল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রিটিশ নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জটির ওপর নিজ দেশের সার্বভৌমত্বের দাবি জোরালো করার পর মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
ব্রিটিশ আইনপ্রণেতাদের ম্যাকনিল বলেন, ফকল্যান্ডের বাসিন্দাদের প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকার স্পষ্ট। তাদের গণতান্ত্রিক অধিকার এবং দ্বীপপুঞ্জটির ওপর যুক্তরাজ্যের সার্বভৌমত্ব নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বিরোধ সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিলেই সম্প্রতি দ্বীপগুলোর ওপর আর্জেন্টিনার দাবি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে সেখানে তেল অনুসন্ধানের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছেন তিনি।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল। বর্তমানে দ্বীপগুলো ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবে স্বশাসিত।
২০১৩ সালের এক গণভোটে ফকল্যান্ডের ৯৯ শতাংশের বেশি ভোটার ব্রিটিশ ভূখণ্ডের অংশ হিসেবে থাকার পক্ষে মত দেন বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যও বিরোধটিকে নতুন করে আলোচনায় এনেছে। ওয়াশিংটন ফকল্যান্ড ইস্যুতে দীর্ঘদিনের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে—এমন ইঙ্গিতের পর আর্জেন্টিনা তাদের সার্বভৌমত্বের দাবি আরও জোরালো করেছে।
### তেল অনুসন্ধান ঘিরে নতুন উত্তেজনা
ফকল্যান্ডের উত্তরে সমুদ্রের তলদেশে ‘সি লায়ন’ নামে একটি তেলক্ষেত্র রয়েছে। সেখানে তেল অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ কোম্পানি রকহপার ও ইসরায়েলি কোম্পানি নাভিতাস। পরিকল্পনা অনুযায়ী, কয়েক মাসের মধ্যে অনুসন্ধান শুরু হয়ে ২০২৮ সালের মধ্যে তেল উত্তোলন শুরু হতে পারে।
আর্জেন্টিনার কাছে বিষয়টি শুধু বাণিজ্যিক নয়। দেশটির দাবি, ফকল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অধিকার তাদের রয়েছে।
বুয়েনস আয়ার্সের আশঙ্কা, তেল প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপপুঞ্জে যুক্তরাজ্যের অবস্থান আরও শক্তিশালী হবে। এ কারণেই তেল অনুসন্ধানকে কেন্দ্র করে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ নতুন মাত্রা পাচ্ছে।