বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্ববিশ্ববাজারে ১০০ ডলারের দ্বারপ্রান্তে তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলারের দ্বারপ্রান্তে তেলের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববাজারে ১০০ ডলারের দ্বারপ্রান্তে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের অন্যতম প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়।


একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী ছিল। প্রতি ব্যারেলে ১ ডলার ৬০ সেন্ট বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে এর দাম দাঁড়িয়েছে ৯৪ ডলার ৬৩ সেন্টে।


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নতুন করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার মধ্যেই তেলের বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সর্বশেষ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের নতুন হামলার খবর পাওয়া গেছে। এতে গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথে বিঘ্ন ঘটার আশঙ্কা আরও বেড়েছে।


বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বিশ্ববাজারে উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হওয়ায় এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তেল সরবরাহ ও পরিবহনে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।


এদিকে, ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় তেলের দামও দ্রুত বাড়ছে। আগস্টের শুরুর দিক থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে।


বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে এবং হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকলে তেল সরবরাহ নিয়ে বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। এর ফলে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।