ইসরায়েলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা, যুক্তরাজ্যের সঙ্গে যোগ দিচ্ছে কানাডা-ফ্রান্স
ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতির পণ্য আমদানিতে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার উদ্যোগে এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে কানাডা ও ফ্রান্স।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ তথ্য জানান।
তিনি বলেন, অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য বন্ধে একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট গড়ে উঠেছে। যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স সমন্বিতভাবে এই উদ্যোগের অংশ হিসেবে কঠোর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করছে।
একই সময়ে ১২টি দেশের পক্ষ থেকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। এতে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য অবৈধ বসতিগুলোর পণ্যের ওপর জাতীয় পর্যায়ে বিধিনিষেধ আরোপ অথবা ইউরোপীয় পর্যায়ে সম্মিলিত নিষেধাজ্ঞাকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের জাতীয় আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এসব বাণিজ্যিক বিধিনিষেধ ও অন্যান্য কার্যকর পদক্ষেপ পর্যালোচনা এবং বাস্তবায়ন করছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এই সমন্বিত পদক্ষেপকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক আইন বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে।