হুতিদের হামলার তীব্র নিন্দা সৌদির, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, নিজেদের ভূখণ্ড ও জাতীয় স্বার্থ রক্ষায় হুতিদের হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না রিয়াদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুতিদের একের পর এক হামলায় নারী ও শিশুসহ ৭০ জনের বেশি বেসামরিক নাগরিক আহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুতিদের হামলার লক্ষ্য ছিল দেশটির বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর হামলা সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান এলাকায় আঘাত হানে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এতে এসব স্থাপনার কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, হুতিদের হামলা থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজনীয় সব উপায় ব্যবহার করবে সৌদি আরব। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে রিয়াদ পিছপা হবে না।
তিনি আরও বলেন, ‘হুতি মিলিশিয়া যখনই কঠিন পরিস্থিতির মুখে পড়ে, তখনই সহিংসতার পথ বেছে নেয়। ইয়েমেনের অভ্যন্তরীণ সমস্যাগুলো সৌদি আরবের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা।’