সেন্টার পয়েন্টের ফুডকোর্টে আগুন, ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে
রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ৫৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।