হরমুজে সামরিক সহায়তা না দেওয়ার দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক উত্তেজনার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালিতে নৌবাহিনী বা সামরিক সহায়তা না পাঠাতে নিজেদের সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। ওয়াশিংটনের সামরিক পদক্ষেপকে ‘বেআইনি ও আগ্রাসী যুদ্ধ’ আখ্যা দিয়ে রাজপথে নেমেছেন দেশটির যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা।
রাজধানী সিউলে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে কয়েক ডজন বিক্ষোভকারী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের হাতে ‘আগ্রাসী যুদ্ধে যোগ দেবেন না’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, নিজেদের দেশের তরুণদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাবে না।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ওই জলপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলে প্রধান মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর সামরিক অবদান রাখার জন্য চাপ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন চাপের মুখে দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করলেও সাধারণ জনগণ ও শান্তিকামী সংগঠনগুলো এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সিউল প্রশাসন জানিয়েছে, হরমুজ প্রণালির মাঠপর্যায়ের পরিস্থিতি যাচাই করতে সেখানে একটি তথ্যানুসন্ধানকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো নৌবাহিনী বা সেনা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছে সরকার।