বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন বিমান হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন বিমান হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন বিমান হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভোরে হরমুজগান প্রদেশের সিরিক, মিনাব কাউন্টি ও কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় উপকূলজুড়ে ভোরের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশেষ করে কৌশলগত সিরিক এলাকা, মিনাব কাউন্টি এবং হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সর্বশেষ এই হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো নতুন সামরিক পদক্ষেপ নিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এর আগে বুধবার দিনভর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র পাল্টাপাল্টি সামরিক সংঘাতের ঘটনা ঘটে। ওই দিন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র।


এর জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা গেছে।


এদিকে পারস্য উপসাগরেও যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের দাবি, উপসাগরীয় জলসীমায় তারা দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং শর্ত অমান্য করা আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।


এ ছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এমকিউ-১ নজরদারি ড্রোন ভূপাতিত এবং জলসীমা থেকে একটি মার্কিন চালকবিহীন সামুদ্রিক ড্রোন জব্দ করার দাবিও করেছে আইআরজিসি।


তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। নতুন করে মার্কিন হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।