বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিনমহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

favicon
ভোরের আলো ডেস্ক:
মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পুরোনো ও পরিত্যক্ত চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মহাখালী রেলগেট সংলগ্ন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ভবনের পাশে থাকা ওই পরিত্যক্ত ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।


খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।


ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির চতুর্থ তলার ছাদে স্তূপ করে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটির তৃতীয় তলায় একটি সক্রিয় বৈদ্যুতিক উপকেন্দ্র থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে কিছুটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।


তবে ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও কার্যকর তৎপরতায় আগুন তৃতীয় তলার বৈদ্যুতিক উপকেন্দ্র কিংবা আশপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। পরে অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।


অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।