উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মোট ৭টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
এর আগের দিন মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে ১২টি জাহাজ চলাচল করেছিল। আর গত ১০ দিনের গড় হিসাবে প্রতিদিন এই প্রণালি দিয়ে ১৪টি জাহাজ চলাচল করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৪টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে গেছে। বিপরীতে প্রণালিতে প্রবেশ করেছে ৩টি জাহাজ।
তবে এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ের। পরবর্তী সময়ে জাহাজ চলাচলের সংখ্যা হালনাগাদ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কিছু জাহাজ স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ফলে এসব জাহাজ সরকারি হিসাবের আওতায় আসেনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই পথে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে।