ইরান যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধের কারণে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক প্রভাব পড়লেও একই পরিস্থিতিতে পড়লে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন।
ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মধ্যবর্তী নির্বাচনে সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত কি না।
জবাবে ট্রাম্প বলেন, তিনি ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাস করেন না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাকে যদি আবারও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আমি ঠিক একই কাজ করব, যেটা করেছি।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচারিত হয়। সেখানে ট্রাম্প তার কিছু সমর্থক ইরান যুদ্ধ নিয়ে হতাশ বা মনোবল হারিয়েছেন—এমন ধারণাও প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প বলেন, তিনি মনে করেন না তার সমর্থকেরা হতাশ। বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে তার নেওয়া পদক্ষেপ নিয়ে তারা গর্বিত।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নির্বাচনের পরই এটি শেষ হবে।’
এর আগে বুধবারও একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় তিনি অভিযোগ করেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তেহরান।
তবে নির্বাচনে যুদ্ধের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠলেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোকে তার সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন।