রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালিতে জাহাজের জন্য মার্কিন আকাশ প্রতিরক্ষা সহায়তা কমল

হরমুজ প্রণালিতে জাহাজের জন্য মার্কিন আকাশ প্রতিরক্ষা সহায়তা কমল

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালিতে জাহাজের জন্য মার্কিন আকাশ প্রতিরক্ষা সহায়তা কমল

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর জন্য আকাশ প্রতিরক্ষা সহায়তার সময়সীমা কমিয়ে দিনে মাত্র দুটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।


শনিবার (১২ সেপ্টেম্বর) মার্কিন মেরিটাইম কো-অর্ডিনেশন সেন্টারের পাঠানো একটি ই-মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।


প্রতিবেদন অনুযায়ী, গত মে মাস থেকে ওমানের উপকূলসংলগ্ন একটি নির্ধারিত নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছিল ওয়াশিংটন। তবে চলতি সেপ্টেম্বরের শুরু থেকে ওই সহায়তার সময়সীমা আরও সীমিত করা হয়েছে।


ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে রাতে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের হামলা বেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।


মার্কিন কর্তৃপক্ষ জাহাজগুলোকে নির্ধারিত আকাশ প্রতিরক্ষা সহায়তার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চলাচলের পরামর্শ দিয়েছে। তবে নির্ধারিত ওই সময়ের মধ্যেই জাহাজগুলোকে চলাচল করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানানো হয়েছে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রথম দিকেই ইরান এই জলপথে অবরোধ আরোপ করেছিল।


পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই জলপথের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন হলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।