রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বসৌদির তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদির তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদির তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় ইরান জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। হামলার সঙ্গে ইরান জড়িত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার ধারণা, ইরান সম্ভবত এর সঙ্গে জড়িত।


এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। সংঘাতের অবসান হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদনকারী এলাকা থেকে লোহিত সাগরের উপকূল পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহস্পতিবার আকাশপথে হামলার পর পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি পাইপলাইনটির অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উড্ডয়ন করেছিল।


তবে হামলার দায় স্বীকার বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের তেল স্থাপনায় নতুন করে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।