রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী লিফলেট বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী লিফলেট বিতরণ করবে বিএনপি

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী লিফলেট বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিত প্রচারের উদ্যোগ নেওয়া হবে।


শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।


বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।


রুহুল কবীর রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এবং উদ্যোগগুলোর জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।


তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং সংক্রমণ থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে এটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ছাড়া অন্যান্য প্রতিরোধমূলক ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়েছে।


রিজভী বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউটসহ অন্যান্য সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে কাজ করবেন।


তিনি বলেন, দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করবে বিএনপি। এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করা হবে।


সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে বলেও জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে দলীয়ভাবে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা।


এ ছাড়া স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার সুনির্দিষ্ট ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটিকে যথাযথভাবে আবর্জনা সংরক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে দলীয়ভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলেও জানান রিজভী।


### দলীয় পদ ও উপনির্বাচন


বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রিজভী বলেন, যেসব দলীয় পদ বর্তমানে শূন্য রয়েছে, সেসব পদে গঠনতন্ত্র অনুযায়ী অব্যবহিত নিচের পদে থাকা নেতাদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


দলের কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিল নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি। জেলা ও উপজেলা পর্যায়ে অনেক নেতা মারা যাওয়ায় কিছু পদ শূন্য হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এসব পদ পূরণের ব্যবস্থা নেওয়া হবে।


তিনি জানান, দলের সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষিত হওয়ায় আগামী ২৯ অক্টোবর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য মনোনয়নপত্র বিতরণের সময়সূচিও ঘোষণা করা হয়েছে।


আগামী ১৫ সেপ্টেম্বর দলের পল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটি তথা দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।


### স্থানীয় সরকার নির্বাচন


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রুহুল কবীর রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এরই ধারাবাহিকতায় শনিবারও তিনটি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না এবং দলের প্রতীকেও নির্বাচন হবে না। তবে দল কোনো একজন প্রার্থীকে সমর্থন করতে পারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দল যাকে সমর্থন করবে, সবাইকে তার পক্ষে কাজ করার এবং ভোটারদের কাছে গিয়ে ওই প্রার্থীর পক্ষে কথা বলার জন্য প্রধানমন্ত্রী বারবার নির্দেশনা দিচ্ছেন।