কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অজ্ঞাত নারীর অনুপ্রবেশের চেষ্টা
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডাগ এমহফের মালিবুর বাড়িতে এক অজ্ঞাত নারী দুবার উপস্থিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে বাড়ির কাছে পৌঁছানোর আগেই নিরাপত্তাকর্মীরা ওই নারীকে আটকে দেন।
ঘটনার সময় কমলা হ্যারিস ও ডাগ এমহফ কেউই বাড়িতে ছিলেন না।
লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হ্যারিসের বাড়ির বাইরে ওই নারীকে দেখতে পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।
শেরিফ বিভাগের মুখপাত্র জানান, ওই নারী একটি ভাড়ার গাড়ি সেবার মাধ্যমে হ্যারিসের বাড়িতে পৌঁছে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাকে সেখানে থাকা যাবে না বলে জানিয়ে দেওয়া হলে তিনি স্থান ত্যাগ করেন। তবে কিছুক্ষণ পর আবারও ফিরে আসেন। এরপরই অনুপ্রবেশের সন্দেহে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করলেও ওই নারীকে গ্রেপ্তার বা জরিমানা করা হয়নি।
হ্যারিসের মুখপাত্র এদুয়ার্দো নেগ্রোন এক বিবৃতিতে জানান, রাতে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ডাগ এমহফের বাড়িতে একজন অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে বাড়িতে পৌঁছানোর আগেই আটকে দেন। ঘটনার সময় হ্যারিস ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হিলস শেরিফ স্টেশনের লেফটেন্যান্ট জেসন দুরন জানান, ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হবে। তিনি বলেন, স্থানটির ওপর কড়া নজর রাখা হবে এবং ডেপুটিদের সেখানে বিশেষভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট হলেও বর্তমানে কমলা হ্যারিসের কোনো সিক্রেট সার্ভিস নিরাপত্তা নেই। গত বছরের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেন।