সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বতাইওয়ানে নতুন অস্ত্র বিক্রি হলে শি-ট্রাম্প বৈঠক বাতিলের হুমকি চীনের

তাইওয়ানে নতুন অস্ত্র বিক্রি হলে শি-ট্রাম্প বৈঠক বাতিলের হুমকি চীনের

favicon
ভোরের আলো ডেস্ক:
তাইওয়ানে নতুন অস্ত্র বিক্রি হলে শি-ট্রাম্প বৈঠক বাতিলের হুমকি চীনের

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র বিক্রি করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠক বাতিল করা হতে পারে বলে ওয়াশিংটনকে সতর্ক করেছে বেইজিং। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে জাপানের সংবাদ সংস্থা কিয়োদো নিউজ এ তথ্য জানিয়েছে।


আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এক বছরের মধ্যে দুই নেতার এটি হবে তৃতীয় সরাসরি বৈঠক।


তবে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে প্রস্তাবিত এই বৈঠক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে চীন। তাইওয়ানের কাছে নতুন কোনো অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলে চলতি মাসের বৈঠক বাতিলের পথে হাঁটতে পারে বেইজিং।


আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তাঁর জনসমর্থন কমে যাওয়ায় চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি রাজনৈতিকভাবে তাঁর অবস্থান শক্তিশালী করতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে শেষ মুহূর্তে বৈঠক বাতিল হলে তা ট্রাম্প প্রশাসনের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।


তাইওয়ানকে দীর্ঘদিন ধরে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে, স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র।


গত বছরের ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের একটি বড় অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করে। এ ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানায় বেইজিং।


পরে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে নিজেদের অস্ত্রের মজুত নিশ্চিত করতে তাইওয়ানের জন্য আরও প্রায় ১৪ বিলিয়ন ডলারের একটি পৃথক অস্ত্র বিক্রির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।


তবে চীনা সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের কাছে নতুন করে কোনো অস্ত্র বিক্রির অনুমোদন দেয়, তাহলে শি-ট্রাম্প বৈঠক বাতিল করতে পারে বেইজিং। এ অবস্থায় বৈঠকটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।