সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিআওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক না হওয়ার আহ্বান ইশরাকের

আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক না হওয়ার আহ্বান ইশরাকের

favicon
ভোরের আলো ডেস্ক:
আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক না হওয়ার আহ্বান ইশরাকের

নিরীহ আওয়ামী লীগ সমর্থক পরিবারের সদস্যদের সঙ্গে অমানবিক আচরণ না করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটির সমর্থক জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে রাখা হয়নি।


গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর টিকাটুলীর রোজ গার্ডেনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।


ইশরাক হোসেন বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে বের করে দেওয়া হয়নি।’


তিনি বলেন, ইদানীং আওয়ামী লীগকে সমর্থন বা ভোট দিয়েছেন—এমন নিরীহ পরিবারের বাড়িতে গিয়ে কেউ কেউ জোরজবরদস্তি করছেন, অর্থ আদায়ের চেষ্টা করছেন। তাদের ওপর চাপ সৃষ্টি করে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


ইশরাক বলেন, ‘ভাইয়েরা, এই কাজ যদি আমরা করি, তাহলে আওয়ামী লীগের মধ্যে ও আমাদের মধ্যে কী তফাত রইল?’


তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখতে যারা অপকর্ম করেছে, তাদের কেউ কেউ পুনর্বাসনের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।


ইশরাক হোসেনের বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতার পাশাপাশি সাধারণ সমর্থকদের সঙ্গে অমানবিক বা জবরদস্তিমূলক আচরণ না করার আহ্বান উঠে আসে।