সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বজাভা সাগরে নিখোঁজ ফেরি থেকে ১০২ জন উদ্ধার

জাভা সাগরে নিখোঁজ ফেরি থেকে ১০২ জন উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
জাভা সাগরে নিখোঁজ ফেরি থেকে ১০২ জন উদ্ধার

জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী ফেরি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।


‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের ফেরিটির সঙ্গে খারাপ আবহাওয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। ফেরিটিতে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন বলে জানা গেছে।


উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। নিখোঁজ থাকা যাত্রীদের সন্ধানে একাধিক উদ্ধারকারী দল কাজ করছে।


ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন শহরের উদ্দেশে যাচ্ছিল ফেরিটি। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির অবস্থান সর্বশেষ শনাক্ত করা হয়।


ফেরিটির সন্ধানে ঘটনাস্থলে একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি একটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। জাভা সাগরের ওই এলাকার অন্যান্য নৌযানকেও সতর্ক করা হয়েছে।


উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে ওই এলাকায় চলাচলকারী নৌযানগুলোকে ফেরিটির কোনো যাত্রীকে পানিতে বা অন্য কোথাও দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।


দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। তবে খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।


এর আগে গত মাসে ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন নিহত হন।


প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। দেশটির বিস্তীর্ণ জলপথে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব নৌযানে চলাচল করেন।