আল-আকসায় প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। এ সময় তারা সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করেছে।
সকালে দফায় দফায় বসতি স্থাপনকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের প্রবেশকে কেন্দ্র করে মসজিদ ও পুরোনো শহর এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী।
জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। এরপরও ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে ইহুদিদের নববর্ষ রোশ হাশানাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জেরুজালেম গভর্নরেট আরও বলেছে, আল-আকসায় বসতি স্থাপনকারীদের এসব প্রবেশের বিষয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে এক ধরনের তথ্য-নিয়ন্ত্রণ বা সংবাদ ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে পবিত্র স্থানটিতে নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ দীর্ঘদিন ধরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু। পবিত্র স্থানটির নিয়ন্ত্রণ এবং সেখানে প্রার্থনার অধিকার নিয়ে বিরোধ জেরুজালেম সংঘাতের অন্যতম স্পর্শকাতর বিষয়।