বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাক্ষুদ্রঋণ ব্যাংকে রূপ দিতে পৃথক আইন চান ড. ইউনূস

ক্ষুদ্রঋণ ব্যাংকে রূপ দিতে পৃথক আইন চান ড. ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্ষুদ্রঋণ ব্যাংকে রূপ দিতে পৃথক আইন চান ড. ইউনূস

ক্ষুদ্রঋণ ব্যবস্থাকে প্রকৃত অর্থে ব্যাংকিং ব্যবস্থায় রূপ দিতে এনজিওর আওতায় না রেখে আলাদা ‘মাইক্রোক্রেডিট ব্যাংক’ গঠনের ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য পৃথক আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

শনিবার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বর্তমানে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো তাদের সদস্যদের কাছ থেকে সঞ্চয় নিতে পারলেও সাধারণ জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করতে পারে না। এটি একটি বড় সীমাবদ্ধতা। এ সীমাবদ্ধতা দূর করতে হলে পৃথক আইন করে পূর্ণাঙ্গ মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। তবে লাইসেন্স প্রদানের সময় কার্যপরিধি নির্দিষ্ট করে দিতে হবে এবং এই ব্যাংকগুলোকে সমাজভিত্তিক, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রামীণ ব্যাংকই হচ্ছে প্রকৃত ব্যাংক, বাকিগুলো কেবলমাত্র নামমাত্র ব্যাংক। গ্রামীণ ব্যাংক গঠিত হয়েছে বিশ্বাসের ভিত্তিতে, যেখানে জামানতের দরকার হয় না। এটাই ভবিষ্যতের ব্যাংকিং মডেল। বর্তমানে যেসব প্রতিষ্ঠান নিজেদের ব্যাংক দাবি করে, তারা আসলে ব্যাংক নয়। গ্রামীণ ব্যাংক আজও টিকে আছে কারণ এখানে মানুষের পরিচয় আর বিশ্বাসকে গুরুত্ব দেওয়া হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।প্রধান উপদেষ্টা নতুন এমআরএ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান।