রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবিশ্ববাজারে আরও বাড়ল সোনা-রুপার দাম

বিশ্ববাজারে আরও বাড়ল সোনা-রুপার দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববাজারে আরও বাড়ল সোনা-রুপার দাম

মার্কিন ট্রেজারির বাইব্যাক সহায়তা পরিকল্পনার প্রভাবে ডলারের মান কমে যাওয়ায় বিশ্ববাজারে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। একই হারে বেড়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম উঠেছে ৪ হাজার ৬৮০ দশমিক ৬০ ডলারে।


চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।


টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের গ্লোবাল হেড বার্ট মেলেক বলেন, এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে সোনার পরবর্তী লক্ষ্যমাত্রা হতে পারে প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলার। তার মতে, মার্কিন ডলারের দরপতনও সোনার দাম বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৬২ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৭৮ দশমিক ৫৮ ডলার। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪ দশমিক ৯৬ ডলারে।


অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায় বিক্রি হচ্ছে।


দেশের বাজারে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।