সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসামার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টে (এমপিপি) বেসরকারি বিনিয়োগ বাড়াতে প্রথম পাঁচ বছর ওপেন অ্যাকসেস ট্যারিফ কমিয়ে ০.৫০ নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)।


একই সঙ্গে ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিআইএসকম) ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে ‘ডিমড জেনারেশন’-এর জন্য ক্ষতিপূরণ, এমপিপি বন্ধের আগে কমপক্ষে ২০ বছরের মেয়াদ নিশ্চিত এবং গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।


রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের গাইডলাইন ও ট্যারিফ বিষয়ে গণশুনানিতে লিখিত প্রস্তাবে এসব দাবি জানায় বিএসআরইএ।


সংগঠনের সভাপতি মোস্তফা আল মাহমুদ শুনানিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের সদস্য, সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


লিখিত প্রস্তাবে বিএসআরইএ জানায়, দেশে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের উন্নয়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে প্রথম পাঁচ বছরের জন্য ওপেন অ্যাকসেস ট্যারিফ ০.৫০ নির্ধারণ করা প্রয়োজন।


সংগঠনটির দাবি, এই উদ্যোগ নেওয়া হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন বিনিয়োগ বাড়বে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারও সম্প্রসারিত হবে।


### সৌরবিদ্যুতের ট্যারিফ ৬ টাকা ৪৮ পয়সার সুপারিশ


গণশুনানিতে সৌরবিদ্যুৎভিত্তিক বেসরকারি মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির ট্যারিফ ইউনিটপ্রতি ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।


কমিটির সুপারিশ অনুযায়ী, সৌরভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ২০ শতাংশ বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে।


মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে ট্যারিফ কাঠামোসহ বিভিন্ন নীতিগত সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বিএসআরইএ।