বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা

তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।


নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা।


এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।


এর আগে গত ১৫ আগস্টও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।


এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।