মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

favicon
ভোরের আলো ডেস্ক:
ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, শিবির নিয়ন্ত্রিত ডাকসু এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মঞ্জিল’ করার অপচেষ্টা এবং ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন—এ ধরনের ধারাবাহিক কর্মকাণ্ড ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি প্রচ্ছন্ন অনুরাগের বহিঃপ্রকাশ।


ছাত্রদল জানায়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে, মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন। ওই বক্তব্যের বিরুদ্ধে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন। পরবর্তী সময়ে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের আন্দোলনের সঙ্গে এই প্রতিবাদের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে বলে দাবি করে সংগঠনটি।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলার স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় জিন্নাহর মতো বিতর্কিত নেতার ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতার সংগ্রামের ঐতিহ্যের প্রতি অবমাননা।


এ ছাড়া ডাকসুর বর্তমান নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে ছাত্রদল।


সংগঠনটির দাবি, শিক্ষার্থীদের ন্যায়সংগত স্বার্থকে গুরুত্ব না দিয়ে ডাকসুর বর্তমান নেতৃত্ব পরিষদটিকে নিজেদের দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।