ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাদিক কায়েমকে প্রার্থী করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেবে। এ জন্য সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করা হবে। তবে এরই মধ্যে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় জোটের সম্ভাবনা প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল। গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে এখনো ১১ দল ঐক্যবদ্ধ রয়েছে।
তবে স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে কোনো প্রার্থী দেওয়া হবে না বলে জানান তিনি। এ নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।