ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে তৃতীয়বার প্রস্তাব পাস
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ২২০-২০৪ ভোটে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেন আইনপ্রণেতারা। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবটি পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত হবে। এর পক্ষে সব ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি সাতজন রিপাবলিকান সদস্য ভোট দেন।
তবে এর আগে প্রতিনিধি পরিষদে পাস হওয়া একই ধরনের প্রস্তাবগুলোর কোনোটিই প্রেসিডেন্টের কাছে পৌঁছায়নি। এপি জানিয়েছে, নতুন প্রস্তাবটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গেলে তিনি এতে ভেটো দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের জুন ও জুলাইয়েও ইরানে মার্কিন সামরিক অভিযান বন্ধে প্রতিনিধি পরিষদে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছিল। এর আগে সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছিল।
মঙ্গলবারের ভোটে আগের তুলনায় বেশি রিপাবলিকান সদস্য প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। এর মধ্যে আইওয়ার জ্যাকারি নান, মারিয়েনেট মিলার-মিকস, সাউথ ক্যারোলাইনার ন্যান্সি মেসসহ আরও কয়েকজন রিপাবলিকান সদস্য রয়েছেন।
এদিকে ইরান যুদ্ধের আর্থিক ব্যয় নিয়েও নতুন তথ্য প্রকাশ করেছে কংগ্রেশনাল বাজেট অফিস। সংস্থাটির হিসাবে, ১ আগস্ট পর্যন্ত যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। যুদ্ধ চলতে থাকলে প্রতি মাসে আরও প্রায় ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
ইরানের সঙ্গে সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি ও পণ্য পরিবহনে বিঘ্ন ঘটায় যুক্তরাষ্ট্রে জ্বালানি ও অন্যান্য পণ্যের দামের ওপরও চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।