গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার
রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপির গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পূর্বাহ্নে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত করা হলো।
এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। ওই ঘটনার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
ঘটনার পর গুলশান থানার ওসিকে বদলি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে পরে জানা যায়, ওসি দাউদ হোসেনকে বদলি করা হয়েছে—এমন তথ্য সঠিক নয়।
তবে ঘটনার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই প্রশাসনিক কারণে দাউদ হোসেনকে গুলশান থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হলো।